
অস্ট্রেলিয়ার মাটিতেই ওয়ানডে সিরিজে ধুয়ে দিয়ে ঐতিহাসিক বিজয় পাকিস্তানের। বিরাট নজির রিজওয়ানের নেতৃত্বাধীন বাহিনীর।মহম্মদ রিজওয়ান অধিনায়ক হতেই খেল দেখাতে শুরু করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় ২২ বছরের খরা কাটাল পাকিস্তান দল। অস্ট্রেলিয়ায় তারা একদিনের সিরিজ জিতল। এর আগে পাকিস্তান ২০০২ সালে একদিনের সিরিজ অস্ট্রেলিয়ায় জিতেছিল। সেবার পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ওয়াকার ইউনুস। তাঁর নেতৃত্বে দল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার একদিনের সিরিজে পাকিস্তান দুর্দান্ত খেলেছে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে গেলেও পাকিস্তান বাকি দুটো ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে মহম্মদ রিজওয়ান অধিনায়ক হওয়ার পর এই প্রথমবার পাকিস্তান সিরিজ জিতল। এর আগে ২০০২ সালে পাকিস্তান যখন অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছিল, সেই সময় অজিদের ক্যাপ্টেন ছিল রিকি পন্টিং। পাকিস্তানের কোচ জেসন গিলেপসিও সেই সিরিজে খেলেছিলেন। এবারের সিরিজ জয়ের কান্ডারি পাকিস্তানের বোলাররা। পাকিস্তানের পেসাররা ২৬ উইকেট নিয়েছেন। হারিস রউফ নিয়েছেন ১০ উইকেট। শাহিন আফ্রিদি নিয়েছেন ৮ উইকেট। নাসিম শাহ নিয়েছেন ৫ উইকেট। আর মহম্মদ হসনেন ৩ উইকেট নিয়েছেন।
এবারের সিরিজে মেলবোর্নে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২ উইকেটে জিতেছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০৩ রান করেছিল। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে জিতেছে। অস্ট্রেলিয়া মাত্র ১৬৩ রানেই আউট হয়ে গিয়েছিল। পাকিস্তান মাত্র এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল। পার্থ-এ তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ১৪০ রানে আউট হয়ে যায়।
অস্ট্রেলিয়া দলের অর্ধেক খেলোয়াড় মাত্র ৭৯ রানে প্যাভেলিয়নে ফিরে যান। বাকিরা ১৮-র বেশি ওভার খেলে মাত্র ১৪০ রানেই আউট হয়ে যান। শুরুটা অবশ্য অস্ট্রেলিয়া ভালোই করেছিল। মাত্র দুই ওভারেই ১৮ রান তুলেছিল। কিন্তু, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে মাত্র ৭ রানেই নাসিম শাহ ফিরিয়ে দেন। হার্ডি তিন নম্বরে নেমে কিছু ভালো শট খেললেও শাহিন আফ্রিদি তাঁকে ফিরিয়ে দেন। যার জেরে প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দাড়ায় ২ উইকেটে ৫৪। কিন্তু, নাসিম শাহর বোলিং ম্যাচের রং বদলে দেয়।
